লোড হচ্ছে...
লোড হচ্ছে...

১/১১ নিয়ে নতুন বিস্ফোরক দাবি

প্রকাশিত: 30 মার্চ 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিতর্কিত ওয়ান ইলেভেন সরকারের সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর জবানবন্দিতে নতুন কিছু দাবি উঠে এসেছে। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই সময় শেখ হাসিনার সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে রাতের আঁধারে গোপন বৈঠক হতো এবং এসব বৈঠক সমন্বয় করতেন তৎকালীন ডিজিএফআই পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন।

তবে মাসুদ উদ্দিন দাবি করেছেন, তিনি এসব বৈঠকে সরাসরি অংশ নেননি। তার ভাষ্য অনুযায়ী, তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে যোগাযোগ সমন্বয় করা হতো।

এদিকে মানব পাচার মামলায় প্রথম দফা পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও অনেক বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে একই সময়কার আরেক সাবেক গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ রিমান্ডে দাবি করেছেন, ২০০৭ থেকে ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশে চিকিৎসা ও কারামুক্তির বিষয়ে তিনি ভূমিকা রেখেছিলেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতি, নির্যাতন ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

তদন্ত সূত্র জানায়, ১/১১ সরকারের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। পাশাপাশি শ্রমিক পাঠানোর নামে বিপুল অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করেছে, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে হাজার কোটি টাকার অনিয়ম করেছে। তদন্তকারীরা বলছেন, অর্থপাচার, শ্রমিক শোষণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই করতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বিতর্কিত ওয়ান ইলেভেন অধ্যায় ঘিরে নতুন তথ্য সামনে আসায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman