দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কাবুল, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬: আফগানিস্তানে তালেবান লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার ভোরে পরিচালিত হামলায় ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। খবর দিয়েছে Al Jazeera।
পাকিস্তানের দাবি, কাবুলসহ তিনটি বড় শহরে তালেবানদের ৭৪টি ঘাঁটি ধ্বংস এবং ১৮টি ঘাঁটি দখলে নেওয়া হয়েছে। কাবুল, কান্দাহার ও পাকতিকা অঞ্চলে সামরিক স্থাপনায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানে গজব লিল হক নামে একটি সামরিক অভিযান পরিচালনা করছে।
তবে তালেবান সরকারের মুখপাত্র Zabihullah Mujahid ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এ সংঘাতে তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় সাম্প্রতিক গোলাগুলির জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাফরি দাবি করেছেন, ২৭টি তালেবান শিবির ও ৮০টির বেশি কামান ধ্বংস করা হয়েছে এবং নয়জনকে আটক করা হয়েছে। এদিকে চলমান সংঘাতে পাকিস্তানেও অন্তত ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনা নতুন করে বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। দুই দেশের পারস্পরিক অবিশ্বাস ও সীমান্ত নিরাপত্তা ইস্যু দীর্ঘদিনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, এপি নিউজ
