সাফোকেটিভ পরিবেশের কারণে ব্যবহার অনুপযুক্ত ছিল বলে মন্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সদ্যজাতদের মৃত্যুর ঘটনায় ব্যবহৃত পোস্ট অপারেটিভ কক্ষ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মো. জাহিদ রায়হান। তিনি বলেছেন, কক্ষটি যে অবস্থায় ছিল, সেটিকে পোস্ট অপারেটিভ হিসেবে ব্যবহার করা উচিত হয়নি।
তিনি জানান, কক্ষটি ছিল বদ্ধ এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। সেখানে ভেন্টিলেশন ব্যবস্থাও যথাযথভাবে পাওয়া যায়নি। এমনকি বিদ্যুৎ নির্ভর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরতা থাকায় ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল। তার ভাষায়, বিদ্যুৎ বা শীতাতপ নিয়ন্ত্রণ বন্ধ হয়ে গেলে পুরো কক্ষটি সাফোকেটিভ পরিবেশে পরিণত হতে পারে।

ঘটনাটি ঘটে গত বুধবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল এর ডেলিভারি পরবর্তী পোস্ট অপারেটিভ কক্ষে। ওই কক্ষে চিকিৎসাধীন এক থেকে তিন দিনের ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনায় পরিবারগুলোতে নেমে আসে শোকের ছায়া, আর হাসপাতাল জুড়ে তৈরি হয় চরম উদ্বেগ।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত চলছে এবং আগামীকাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে তিনি আগেই কোনো চূড়ান্ত মন্তব্য করতে চাননি, যাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয়।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ওই কক্ষটি ব্যবহৃত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে হঠাৎ একই সময়ে ছয় নবজাতকের মৃত্যু হওয়ায় বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।
এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে একটি মামলা হয়েছে, যা রমনা থানায় নথিভুক্ত করা হয়।
ঘটনার পর হাসপাতালের ভেতরে স্বজনদের কান্না আর হতাশা ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করছেন, ব্যবস্থাপনার ঘাটতি ও নজরদারির অভাবই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে দায়ী হতে পারে।
তদন্ত শেষে প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
