লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 12 জুন 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য শুধু বাংলাদেশের ক্রিকেটের জন্য নয়, পুরো জাতির জন্যই গর্বের একটি অর্জন। তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে।

প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তিনি এই ঐতিহাসিক অর্জনের জন্য জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশ ৮৬ রানের বড় জয় তুলে নিয়েছিল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে স্বাগতিকরা।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন।

এই সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও দলটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

 

সূত্র: বাসস

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman