লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 16 এপ্রিল 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হচ্ছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা দেওয়া হচ্ছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে বিশেষ অবদানের জন্য মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত হয়েছেন মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও জনপ্রশাসনের খ্যাতিমান ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), অধ্যাপক জহুরুল করিম, আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), হানিফ সংকেত, বশীর আহমেদ (মরণোত্তর), জোবেরা রহমান (লিনু) এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) প্রমুখ।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

১৯৭৭ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র পান।

রাষ্ট্রীয় এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জনের সম্মান নয়, বরং দেশের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়নের ধারাবাহিকতাকে নতুন করে সামনে তুলে ধরে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman