লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গুজবে তেলের চাহিদা বৃদ্ধি, দাবী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর

প্রকাশিত: 06 মার্চ 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে হঠাৎ করেই বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকায় একটি পেট্রল পাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, তেল নিয়ে অযথা আতঙ্ক বা গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক আছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

তিনি চালক ও সাধারণ মানুষকে অতিরিক্ত তেল কিনে মজুদ না করার আহ্বান জানান। তার ভাষায়, কেউ যেন অহেতুক আতঙ্কে পড়ে বাড়তি তেল কিনে জমা না করেন।

এদিকে বাজারে অস্বাভাবিক চাহিদা নিয়ন্ত্রণে দৈনিক তেল বিক্রির একটি সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কার ১০ লিটার এবং জিপ ও মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল বা অকটেন কিনতে পারবে।

অন্যদিকে পিকআপ ও লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাক সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল নিতে পারবে।

সরকার বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman