লোড হচ্ছে...
লোড হচ্ছে...

স্কুল ভর্তিতে পরীক্ষায় ফিরছে পদ্ধতি, লটারি থাকছে না

প্রকাশিত: 16 মার্চ 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও যুক্তিসঙ্গত করতে পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরীক্ষা জটিল বা প্রতিযোগিতামূলক হবে না। তাঁর ভাষায়, ছোট শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সহজ একটি মূল্যায়নের মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে।

মন্ত্রী জানান, বিশেষ করে প্রথম শ্রেণির ক্ষেত্রে শিশুদের মানসিক সক্ষমতা ও মৌলিক প্রস্তুতি যাচাই করাই হবে মূল লক্ষ্য। তিনি বলেন, শিক্ষার্থীদের কোনোভাবেই কঠিন পরীক্ষার মুখোমুখি করা হবে না এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

ভর্তি পরীক্ষা চালুর ফলে কোচিং নির্ভরতা বাড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ধরন এমনভাবে নির্ধারণ করা হবে যাতে কোচিং বাণিজ্যের সুযোগ না থাকে। পুরো প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর মতে, শুধুমাত্র লটারির মাধ্যমে ভর্তি শিক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি মান উন্নয়নে সহায়ক নয়।

শিক্ষা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, মহামারির সময় চালু হওয়া লটারি পদ্ধতি স্বচ্ছতা নিশ্চিত করলেও শিক্ষার্থীর প্রস্তুতি মূল্যায়নের সুযোগ সীমিত ছিল। নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পরীক্ষার কাঠামো ও পর্যবেক্ষণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত দিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman