লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হিংস্র শ্বাপদের মতো ওঁৎ পেতে আছে শুটাররা,ভোটের আগে রাজধানীসহ কয়েকটি জেলায় বাড়তি সতর্কতা

প্রকাশিত: 16 ডিসেম্বর 2025

70 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও পেশাদার শুটারদের ঘিরে উদ্বেগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এসব শুটার আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। শুধু রাজধানী ঢাকাতেই অন্তত ২০ জন ভয়ংকর শুটারকে কেন্দ্র করে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও রয়েছে কয়েকটি প্রভাবশালী শুটার নেটওয়ার্ক।

গত দেড় মাসে চারটি বড় ঘটনায় শুটারদের ভয়াবহতা সামনে এসেছে। চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগের সময় গুলি ছোড়া, ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যা, পুরান ঢাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যাকাণ্ড এবং পুলিশের তিন সদস্যকে গুলি করার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির নড়বড়ে চিত্র তুলে ধরেছে। সর্বশেষ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন, যা নতুন করে উদ্বেগ বাড়ায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, নির্বাচন সামনে রেখে অস্ত্রধারী ও শুটারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পেশাদার অপরাধীদের হালনাগাদ তালিকা তৈরি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত অভিযান চলছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এসব শুটার অনেক সময় ভাড়াটে হিসেবে কাজ করে। অপারেশনের ধরন অনুযায়ী তাদের পারিশ্রমিক নির্ধারিত হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে এ ধরনের সশস্ত্র অপরাধীদের দমন করতে ব্যর্থ হলে সহিংসতা ও পেশিশক্তির ব্যবহার বেড়ে যেতে পারে।

নির্বাচনী মাঠে শান্তি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো ও সমন্বিত অভিযানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman