দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ এর প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এর একটি অংশ মধ্যাঞ্চলীয় শহর পেথা টিকভা এলাকায় গিয়ে পড়ে।
অন্যদিকে দি টাইমস অফ ইসরাইল জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানার ফলে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, এতে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে নতুন করে সংঘাত বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: Al Jazeera, Channel 12, The Times of Israel
