লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এয়ারলাইন্সে সারচার্জ কমল

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘদিন ধরে উচ্চ সারচার্জের চাপে থাকা দেশের এয়ারলাইন্সগুলোর জন্য বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। দেশের সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ১৪.২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে দেশীয় এয়ারলাইন্সগুলোর আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে গেজেটে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। নতুন বিধান অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে বিল বকেয়ার প্রথম ৩০ দিনের মধ্যে কোনো অতিরিক্ত সারচার্জ দিতে হবে না। তবে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে বিল পরিশোধ না হলে ১ শতাংশ, ৬১ থেকে ১২০ দিনের মধ্যে ১.২৫ শতাংশ এবং ১২০ দিন পার হলে পরবর্তী প্রতি ১২০ দিন বা তার অংশের জন্য ৬ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হবে।

এর ফলে আগে যেখানে মাসে ৬ শতাংশ হিসেবে কার্যত বছরে ৭২ শতাংশ সারচার্জ দিতে হতো, সেখানে এখন সর্বোচ্চ বার্ষিক সারচার্জ নেমে এসেছে প্রায় ১৪.২৫ শতাংশে। এ সিদ্ধান্তকে দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি পূরণ হিসেবে দেখছেন এয়ারলাইন্স মালিকেরা।

তাদের ভাষ্য, যুদ্ধজনিত কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এয়ারলাইন্স ব্যবসা এমনিতেই ঝুঁকিতে পড়েছিল। এর ওপর অতিরিক্ত সারচার্জ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নতুন সিদ্ধান্তে সাময়িকভাবে বন্ধ থাকা কিছু দেশীয় এয়ারলাইন্স পুনরায় অপারেশন শুরুর সুযোগ পেতে পারে বলেও আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশে সারচার্জের হার দীর্ঘদিন অস্বাভাবিকভাবে বেশি ছিল। নতুন এই কাঠামো বাস্তবায়ন হলে এভিয়েশন খাতে বিনিয়োগ ও প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman