দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার শেষ আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। দেশে ফেরার আগে লন্ডনের মঞ্চ থেকে তিনি শেষবারের মতো দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির সহ দফতর সম্পাদক সেলিম আহমদ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, এ অনুষ্ঠানের মধ্য দিয়েই যুক্তরাজ্যে অবস্থানরত নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি বা সুধীজনদের সঙ্গে আলাদা কোনো আয়োজন রাখা হয়নি।
এদিকে ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন বলেও জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার জন্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।
তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও ২৪ ডিসেম্বরের আগেই লন্ডনে ফিরতে পারেন বলে জানা গেছে। তাদের কন্যা ডা. জাইমা রহমান তারেক রহমানের সঙ্গেই দেশে ফিরবেন। এছাড়া দলীয় ও পারিবারিক ঘনিষ্ঠ কয়েকজন নেতা তার সফরসঙ্গী হিসেবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
