লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন, সারাদেশে দোয়ার ঢেউ: সোশ্যাল মিডিয়ায় ভয়-সংশয় আর প্রার্থনা

প্রকাশিত: 29 নভেম্বর 2025

106 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুসফুসের সংক্রমণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে দেশব্যাপী এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, শুক্রবার এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, “আমরা জানি দুই দিন আগে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর গতরাতে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক।”

রাজধানীর নয়াপল্টনে জুমার নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি এ মন্তব্য করেন। এরপর থেকেই দেশের দল মত নির্বিশেষে সকল মানুষের মধ্যে শঙ্কা ছড়িয়ে পরে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও এক্স (পূর্বের টুইটার) এ দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ নাগরিকরা ভয়-সংশয় প্রকাশ করে দোয়া কামনায় পোস্ট করছেন। অনেকেই খালেদা জিয়াকে ‘জাতির ঐক্যের প্রতীক’ ও ‘গণতান্ত্রিক আন্দোলনের আলো’ বলে উল্লেখ করে মহান আল্লাহর কাছে রোগমুক্তির দোয়া করছেন।

ফেসবুক ও এক্সে #খালেদাজিয়া, #দোয়াখালেদা, #BNPLeader হ্যাশট্যাগগুলো ট্রেন্ড করছে। সারাদিনে হাজার হাজার পোস্ট হয়েছে, যেখানে মানুষের ভয় প্রকাশ পাচ্ছে। একজন ফেসবুক ইউজার লিখেছেন, “এই প্রথম সত্যিকার অর্থেই ভয় পাচ্ছি। বেগম খালেদা জিয়া যে আর কোনো নির্দিষ্ট দলের প্রধান নন, তিনি যে গণমানুষের নেত্রী হয়ে উঠেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন তা আমি এখন বেশ উপলব্ধি করতে পারছি। ইয়া আল্লাহ রব্বুল ইজ্জত, নিশ্চয় আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি আপামর জনতার প্রিয় মানুষটিকে সুস্থ করে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিন।”

এক্সে এক নেটিজেন লিখেছেন, “বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে সারাদেশ উদ্বিগ্ন। তিনি শুধু বিএনপির নেত্রী নন, জাতির এক্সপ্রেশন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। #খালেদাজিয়া #দোয়াখালেদা”

অনেক পোস্টে দেখা যাচ্ছে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ‘সংকটের সময়ে জাতির একীভূততা’র কথা উঠে এসেছে। এক ফেসবুক গ্রুপে লেখা হয়েছে, “জুলাইয়ের পর খালেদা জিয়া যে গণমানুষের আইকন হয়ে উঠেছেন, তার অসুস্থতায় সবার বুকেই আশংকার কালোমেঘ। দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইয়া রব্ব, তাকে সুস্থ করুন।”

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বুধবার (২৭ নভেম্বর) বাদ জুমায় ঢাকার নয়াপল্টন ভাসানী ভবন, চট্টগ্রামের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, সিলেট, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন জেলায় মাহফিল হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বেগম জিয়া শুধু আমাদের নেত্রী নন, জাতির অনুপ্রেরণা। রোগ-শোক-সংকটেও তিনি দেশ ছাড়েননি। সারাদেশে দোয়ার ঢেউ তার প্রতি জনগণের ভালোবাসার প্রমাণ।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীদের কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসায় সরকারের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন। এতে তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভয়-সংশয়ের মধ্যেও দোয়ার ঢেউ দেখিয়ে দিয়েছে, খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, জাতির ঐক্যের প্রতীক।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman