লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: 26 মার্চ 2026

70 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এই কুচকাওয়াজ দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক উল্লেখযোগ্য প্রদর্শনীতে পরিণত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত অংশগ্রহণে আধুনিক সামরিক কৌশল, শৃঙ্খলা ও প্রস্তুতির প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে জাতীয় প্যারেড স্কয়ার ত্যাগের সময় প্রধানমন্ত্রী উপস্থিত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজনের প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, স্বাধীনতা দিবসের এই আয়োজন সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর জাতীয় পর্যায়ে কুচকাওয়াজ আয়োজন দেশের সামরিক ঐতিহ্য পুনরুজ্জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ধারাবাহিকতা শক্তিশালী করার একটি বার্তা বহন করে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman