লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: 29 ডিসেম্বর 2025

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন লাগার পর ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোহিঙ্গা পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে আসে। দাহ্য সামগ্রী দিয়ে তৈরি ঘনবসতিপূর্ণ ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এর আগেও চলতি মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৫ ও ২৬ ডিসেম্বর পৃথক দুটি ক্যাম্পে আগুনে একটি হাসপাতালসহ অন্তত পাঁচটি ঘর পুড়ে যায়। এসব ঘটনায় শরণার্থী ক্যাম্পগুলোর অগ্নি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ক্যাম্পগুলোতে ঘনবসতি, বিদ্যুতের অনিয়ন্ত্রিত সংযোগ ও দাহ্য নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman