দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চারজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংকব্যাজ পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধি নয়, বরং দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দেয়। নতুন দায়িত্ব সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।
র্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
