দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে যুদ্ধাহত বা নিহত প্রবাসীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার।
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা এখন সরকারের প্রধান অগ্রাধিকার। যারা সংশ্লিষ্ট দেশে থাকতে চান তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে, আর যারা দেশে ফিরতে চান তাদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, যুদ্ধকালীন হামলায় নিহত প্রবাসীদের পরিবারকে প্রাথমিকভাবে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিহতদের সন্তানদের পড়াশোনার ব্যয় সরকার বহন করবে এবং ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ সকালে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে দুই মন্ত্রী মরদেহ গ্রহণ করেন এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কূটনৈতিক ও মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
