দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ সব সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে।
শুক্রবার (৬ মার্চ) ঢাকায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আয়োজন করা হয়।
ইফতারের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; বরং এটি বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তার মতে, এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী রাখতে কাজ করছে। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উদ্যোগও অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়।
ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এ অনুষ্ঠানে অংশ নেন।
