লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে কঠোর অবস্থানে সরকার

প্রকাশিত: 03 মার্চ 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ঈদযাত্রা সহজ, নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং কিংবা দোকান বসতে দেওয়া হবে না। অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করার সুযোগও থাকবে না। ইতোমধ্যে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায় না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি জানান, মালিক সমিতির পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়েছে। বিশেষ করে ঈদযাত্রার সময় যাত্রী নামিয়ে বাস খালি ফিরে আসার ক্ষেত্রে সেতুর টোল মওকুফের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত ভাড়ার বিষয়টি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন নিশ্চিত করা হবে। টিকিট বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখা এবং যাত্রীসেবার মান ঠিক রাখার বিষয়েও নজরদারি থাকবে।

ঈদের আগে সড়কে যানজট কমাতে গত প্রায় ১০ দিন ধরে সমন্বিত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এ কাজে র‍্যাব, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করবে। সড়ক দখল, যত্রতত্র বাজার বসানো এবং অবৈধ পার্কিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম রবি আশা প্রকাশ করে বলেন, নেওয়া প্রস্তুতি ও মনিটরিং ব্যবস্থার কারণে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আরামদায়ক হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman