লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার জন্য শোক বই খোলা, সই করছেন কূটনীতিকগন

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানের বিএনপি কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। যে ভবনে বসে প্রায় সাত বছর ধরে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন খালেদা জিয়া, সেই কার্যালয়েই মঙ্গলবার বিকাল থেকে শোক বইয়ে সই করার সুযোগ দেওয়া হয়েছে।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দলের দীর্ঘদিনের নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কূটনীতিকগন স্বাক্ষর করছেন শোক বইয়ে। এছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষও শোক বইয়ে সই করতে পারবেন। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। এছাড়া বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

২০১০ সালের ১৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদের পর গুলশানের এই কার্যালয় থেকেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবরণ করার আগ পর্যন্ত নিয়মিত এই কার্যালয়ে তাঁর উপস্থিতি ছিল।

কোভিড মহামারীর সময় ২০২০ সালে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেলেও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি। পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে পুরোপুরি মুক্ত হলেও বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগতে থাকায় আর কার্যালয়মুখী হতে পারেননি।

টানা ৪০ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই রাজনীতিক ব্যাক্তিত্ব ২০২৫ এ পান জাতীয় নেত্রীর খেতাব, এর মধ্যে দিয়ে তিনি শুধু বিএনপির-ই নন, হয়ে ওঠেন গণ-মানুষের নেতা। তিনি বিএনপি-কে নেতৃত্ব দিয়েছেন টানা ৪১ বছর। তিনি ছিলেন পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী এবং দুইবারের বিরোধীদলীয় নেতা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman