লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিল হাসিনা’, আইসিটির তদন্তে প্রকাশ

প্রকাশিত: 25 ফেব্রুয়ারী 2026

79 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে সরাসরি নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর তদন্ত সংস্থা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীসহ অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। ‘চ্যানেল ২৪’-এর প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গণভবন থেকে সরাসরি অভিযানের নির্দেশ দেওয়া হয় এবং সেই সূত্রে শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম রয়েছে।

এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সাবেক র‌্যাব মহাপরিচালক মোখলেস এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পূর্বপরিকল্পনার মাধ্যমে ঢাকায় আনা হয়েছিল। দিনভর তাদের উসকানি ও হয়রানি করা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে ভাঙচুরের খবর প্রচার করে সমাবেশকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

রাতে ১০টার পর শাপলা চত্বরে অভিযান চালানোর প্রাথমিক নির্দেশ দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। রাত ১টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত অভিযান শুরু করে এবং একটি পথ খোলা রেখে বাকি দিকগুলো বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে ঠিক কতজন নিহত হয়েছেন, তা নির্ধারণ করতে পারেনি তদন্ত সংস্থা। মানবাধিকার সংগঠন অধিকারের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঢাকা ও নারায়ণগঞ্জে নিহতদের হিসাব নিয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে কোরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল ও ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধানসহ ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশের অনুমতি থাকলেও রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বাধা ও দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়। তবে সে সময়ের আওয়ামী লীগ সরকার কোনো হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হেফাজতে ইসলাম ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগেই তদন্ত সম্পন্ন হয়।

এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক উপ-মহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman