লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইমরান খানের সুচিকিৎসার দাবি ওয়াসিম–ওয়াকারের

প্রকাশিত: 15 ফেব্রুয়ারী 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

কারাবন্দী পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান–এর জন্য যথাযথ চিকিৎসাসেবার দাবি জানিয়েছেন দেশটির কিংবদন্তি দুই পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন। কয়েক মাস ধরে তিনি কারাগারে একাকী অবস্থায় রয়েছেন। তাঁর আইনজীবীদের দাবি, চোখে সংক্রমণের পর পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় অবস্থার অবনতি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম লিখেছেন, অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবর হৃদয়বিদারক। কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করে—এ প্রত্যাশা জানান তিনি। দ্রুত আরোগ্য কামনাও করেন সাবেক এই তারকা।

ওয়াকার ইউনিসও একই আহ্বান জানিয়েছেন। ইমরানের নেতৃত্বে পাকিস্তানের সাফল্যের কথা স্মরণ করে তিনি বলেন, রাজনীতি একপাশে রেখে জাতীয় নায়কের চিকিৎসা নিশ্চিত করা উচিত। ক্যানসারে মারা যাওয়া মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত শওকত খানম ক্যানসার হাসপাতালের কথাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে সরব হয়েছেন শোয়েব আখতার, শহিদ আফ্রিদি ও রমিজ রাজা। ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজাও ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর ইমরান খান একাধিক মামলায় দণ্ডিত হন। তিনি ও তাঁর সমর্থকদের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman