দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর ইরানের ধারাবাহিক হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। উপগ্রহ থেকে ধারণ করা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের অন্তত ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বিশদ অনুসন্ধান ও উপগ্রহচিত্র বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গত আগস্ট পর্যন্ত ইরান ও ইরানপন্থী গোষ্ঠীগুলো ১১৫টির বেশি ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান হামলার দাবি করেছে। এসব হামলায় ২৬টি সামরিক ঘাঁটি ও মার্কিন সামরিক সম্পদ থাকা অন্যান্য স্থাপনার বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, ইরানের হামলার প্রাথমিক লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতাব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও আকাশযানের গতিবিধি শনাক্ত করার জন্য ব্যবহৃত রাডার ও নজরদারি ব্যবস্থা অকার্যকর করার পর যুদ্ধবিমান, বিমান রাখার হ্যাঙ্গার, গুদাম, যোগাযোগব্যবস্থা এবং সেনাসদস্যদের আবাসন লক্ষ্য করে হামলা চালানো হয়।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলোর একটি কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি। অনুসন্ধান অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই ঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১৫টি যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
কুয়েতের ক্যাম্প বুয়েরিং সামরিক স্থাপনাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সেখানে একাধিক হ্যাঙ্গার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেনাসদস্যদের সমাবেশস্থল, আবাসন এবং অন্যান্য অবকাঠামোতেও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।
এ ছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব স্থাপনায় রাডার, নজরদারি বিমান, যোগাযোগ সরঞ্জাম এবং সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের হামলার এই ধরন সামরিক কৌশলের দিক থেকে তাৎপর্যপূর্ণ। কারণ আধুনিক যুদ্ধে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার সক্ষমতা দুর্বল করে দিতে পারলে পরবর্তী হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানো সহজ হয়। বিশেষ করে ব্যয়বহুল রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক যোগাযোগ অবকাঠামো ধ্বংস হলে তা পুনর্নির্মাণে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়।
এপি জানিয়েছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছাতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডও বিভিন্ন ঘাঁটির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের পক্ষ থেকে সামরিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে এবং দেশটির সামরিক বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী।
অন্যদিকে গত ১৮ নভেম্বর কুয়েত ও বাহরাইনে নতুন করে ইরানের হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। কুয়েতের সামরিক কর্তৃপক্ষ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে। বাহরাইনও ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নতুন করে বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, উপগ্রহচিত্রে পাওয়া ক্ষয়ক্ষতির চিত্র শুধু মার্কিন সামরিক সরঞ্জামের আর্থিক ক্ষতির হিসাব নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক অবস্থানের নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে তুলনামূলক কম ব্যয়ের চালকবিহীন আকাশযান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যয়বহুল সামরিক স্থাপনায় আঘাত হানার সক্ষমতা ভবিষ্যতের যুদ্ধকৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
