লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নতুন নেতার প্রতি আনুগত্যে জনসমুদ্র ইরান

প্রকাশিত: 10 মার্চ 2026

104 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করতে দেশজুড়ে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত এই সমাবেশ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নেতা ঘোষণার পরপরই তেহরানের এনকেলাব স্কয়ারসহ প্রধান প্রধান সড়ক ও চত্বরে বিশাল জনসমাগম হয়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা বহন করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। চলমান বিমান হামলা ও নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করেই মানুষ সমাবেশে অংশ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের বিশেষজ্ঞ পরিষদ আনুষ্ঠানিকভাবে মোজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার কয়েক ঘণ্টার মধ্যেই দেশব্যাপী আনুগত্য কর্মসূচি শুরু হয়। তেহরান ছাড়াও শিরাজ, তাবরিজ, আহভাজ ও হামেদানসহ বিভিন্ন শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, হাজার হাজার মানুষ রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়ে নতুন নেতৃত্বকে সমর্থনের ঘোষণা দেয় এবং ইরানের বিরুদ্ধে বিদেশি সামরিক চাপের প্রতিরোধের অঙ্গীকার করে।

বিশ্লেষকদের মতে, এই গণসমাবেশ একদিকে শাসকগোষ্ঠীর প্রতি সমর্থনের প্রদর্শন হলেও অন্যদিকে যুদ্ধকালীন জাতীয় সংহতি তৈরির প্রচেষ্টাও। তবে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, দেশের অভ্যন্তরে জনমত পুরোপুরি একমুখী নয় এবং পরিস্থিতি এখনও সংবেদনশীল রয়ে গেছে।

নতুন নেতৃত্ব ঘোষণার পর এমন ব্যাপক জনসমাগম ইরানের ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিলেও চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক চাপ পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman