দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার রুকনিয়াত বা সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি গ্রহণ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের অভ্যন্তরীণ নিয়মনীতি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। এর পরই তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস করা হয়নি এবং ভবিষ্যতেও করা হবে না।
জেলা জামায়াতের বর্তমান আমির আব্দুল করিমও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাংগঠনিক নিয়মনীতি ভঙ্গের অভিযোগে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বাতিল করা হয়েছে এবং তাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। ফলে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
