দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও প্রকাশ্য রূপ নিচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার ৮ ফেব্রুয়ারি সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নয়ন তুমি ভালো হয়ে যাও।” একই সঙ্গে তিনি দাবি করেন, নয়ন যত বেশি কথা বলবেন, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভোট তত কমবে। তিনি বলেন, “মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে নয়নকে চুপ করানো উচিত।”
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার বাসার সামনে একাধিক মোটরসাইকেল ঘোরাফেরা করছে। এতে তিনি শঙ্কিত। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে শনিবার ৭ ফেব্রুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী অফিসে যান রবিউল ইসলাম নয়ন। সেখানে তিনি নাসীরুদ্দীনের বাসার ঠিকানা জানতে চান। এ বিষয়ে নয়ন বলেন, তিনি ওই এলাকার বাসিন্দা এবং নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় প্রার্থী হওয়ায় তার বাসার ঠিকানা জানা স্বাভাবিক। ভবিষ্যতে সংসদ সদস্য হলে কোনো প্রয়োজনে যোগাযোগের সুবিধার জন্যই তিনি ঠিকানা জানতে চেয়েছিলেন বলে দাবি করেন নয়ন।
এদিকে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর কাকরাইলে গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কোনো কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে।
মির্জা আব্বাসের অভিযোগ, একটি মহল নির্দিষ্ট কিছু প্রার্থীকে যেকোনো মূল্যে বিজয়ী করার পরিকল্পনা করছে। কয়েকজন প্রার্থী এমনভাবে কথা বলছেন, যেন তারা আগেই জয় নিশ্চিত ধরে নিয়েছেন। এই পরিস্থিতি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা ৮ আসনে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগে নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
