দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় একযোগে পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির কথা বলা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৬৪ জন কর্মকর্তাকে জেলা এসপি হিসেবে চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লটারি প্রক্রিয়া নিয়ে বলেছেন,
“এই প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি। যারা ফিট লিস্টে ছিলেন, তাদের মধ্য থেকেই নিরপেক্ষভাবে লটারি করা হয়েছে।”

পুলিশ সূত্র জানায়,
– মূলত ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়।
– যারা আগে জেলায় এসপির দায়িত্ব পালন করেছেন, তাদের এবার তালিকার বাইরে রাখা হয়।
– সাধারণত ৩ বছরের জন্য পদায়ন করা হয়, অর্থাৎ এই এসপিরাই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।
– তবে তফসিল ঘোষণার পর সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। প্রয়োজনে ইসি নিজে বদলি করতে পারবে।

নির্বাচনের আগে জেলা পুলিশ প্রশাসনের এই ব্যাপক রদবদলকে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লটারি পদ্ধতি রাজনৈতিক প্রভাব কমিয়ে নিরপেক্ষতা বাড়াবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
