লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনপূর্ব শেষ একনেক সভা আজ: ২৬ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন

প্রকাশিত: 25 জানুয়ারী 2026

52 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আজ বসছে বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। পরিকল্পনা কমিশনের নিকেতনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। এটি ২০২৫-২৬ অর্থবছরের অষ্টম এবং অন্তর্বর্তী সরকারের ১৯তম একনেক সভা।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আজকের সভায় মোট ২৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে ২৩টি প্রকল্প একনেকের নির্ধারিত কার্যতালিকায় রয়েছে। জরুরি বিবেচনায় আরও তিনটি প্রকল্প সরাসরি সভার টেবিলে তোলা হবে। সব মিলিয়ে এসব প্রকল্পের প্রস্তাবিত ব্যয় প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে ১৫টি নতুন, ছয়টি সংশোধিত এবং পাঁচটি প্রকল্পে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টার অনুমোদিত আরও ১০টি প্রকল্প সভায় অবগতির জন্য উপস্থাপন করা হবে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পানিসম্পদ ও ভৌত অবকাঠামো উন্নয়ন খাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে। স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রয়েছে দুটি করে প্রকল্প।

নতুন প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, বাংলাদেশ-চীন মৈত্রী এক হাজার শয্যার হাসপাতাল, পরিষ্কার বায়ু প্রকল্প, নারী উদ্যোক্তাদের জন্য স্যানিটেশন উদ্যোগ এবং পারকি সৈকতে পর্যটন সুবিধা সম্প্রসারণ।

সবচেয়ে আলোচিত প্রকল্প হিসেবে সরাসরি টেবিলে তোলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম সংশোধন, যেখানে ব্যয় বাড়িয়ে প্রায় সাড়ে ২৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব রয়েছে।

পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও এটিকে নির্বাচন-পূর্ব অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা হিসেবেই ধরা হচ্ছে। পরবর্তী সভা হবে নির্বাচিত সরকারের অধীনে, তবে বিশেষ জরুরি প্রয়োজনে ভোটের আগেও আরেকটি সভা হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman