দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বর্তমান জাতীয় সংসদকে গতানুগতিক কোনো সংসদ নয় বরং ‘জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বিশেষ সংসদ’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের ফলেই বর্তমান সংসদ গঠিত হয়েছে। তিনি ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৭৫ ও ১৯৯০ সালের শহীদদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই আন্দোলনের নিহতদের জন্য জান্নাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।
সংসদীয় রাজনীতির অতীত ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরে অল্প সময় ছাড়া অধিকাংশ সময় সংসদ কার্যকর ছিল না এবং অনেক সময় এটি ‘ডামি সংসদে’ পরিণত হয়েছিল। নতুন স্পিকারের কাছে তিনি দলনিরপেক্ষ আচরণ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সংসদকে ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র হননের জায়গা না বানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ ও রাষ্ট্র সংস্কার। জুলাই আন্দোলনের স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’ উল্লেখ করে তিনি বলেন, সংসদ সঠিকভাবে পরিচালিত হলে রাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগও সঠিক পথে পরিচালিত হবে।
বক্তব্যের শেষে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদের গঠনমূলক কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।
