লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১৪ আরোহীর মৃত্যু

প্রকাশিত: 28 এপ্রিল 2026

9 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদান এর রাজধানী জুবা সংলগ্ন এলাকায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব আরোহীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি সোমবার সকালে ইয়েই শহর থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিবিসিএবং এপি এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছিল, যা উড্ডয়ন ও অবতরণ উভয় ক্ষেত্রেই ঝুঁকি বাড়ায়।

দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট দলগুলোকে। দক্ষিণ সুদান রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে। উদ্ধারকারীরা বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মরদেহগুলো সংগ্রহ করেন।

নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এএফপি এর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার তীব্রতায় অনেক মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছোট আকারের বাণিজ্যিক ফ্লাইটে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, আবহাওয়ার ঝুঁকি এবং প্রযুক্তিগত ঘাটতি অনেক সময় এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছে আনাদুলু এজেন্সী।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও বলা হয়েছে।

দক্ষিণ সুদানে এই দুর্ঘটনা আবারও দেখিয়ে দিল, দুর্বল অবকাঠামো ও প্রতিকূল আবহাওয়া বিমান চলাচলে বড় ঝুঁকি তৈরি করে। নিরাপত্তা মান উন্নয়ন ছাড়া এ ধরনের দুর্ঘটনা কমানো কঠিন।

 

সূত্র: BBC, Reuters,

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman