লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা ইস্যুতে একাধিক বৈঠক

প্রকাশিত: 13 নভেম্বর 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

তুরস্কে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া বিশ্বনেতা সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।

ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব
গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অন্যতম প্রধান কর্মসূচি ছিল জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন এবং বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ।

বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণভার লাঘব, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করা এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।

বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের বিষয়টি তুলে ধরেন তারেক রহমান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জলবায়ু অভিযোজন, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। শাভকাত মির্জিয়োয়েভ প্রধানমন্ত্রীকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তারেক রহমান আগামী বছরের শুরুতে সফরটি করার আশা প্রকাশ করেন।

আরও যেসব দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ
প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনায় দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানে বাংলাদেশের সহযোগিতার বিষয়টি উঠে আসে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো প্রাধান্য পায়।

বর্জ্য ব্যবস্থাপনায় জুবাইদা রহমানের অংশগ্রহণ
সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি অংশ নেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বর্জ্যশূন্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত একটি বিশেষ অধিবেশনে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণী এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান। এ ছাড়া বিশ্বনেতাদের স্ত্রী এবং বিশিষ্ট অতিথিদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন জুবাইদা রহমান।

উল্লেখ্য, আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া কপ-৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জ্বালানি রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এসব আলোচনার ফলাফল বিশেষ তাৎপর্য বহন করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman