দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে ঘিরে যমুনা সেতুতে একদিনে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন চলাচল করেছে।
যমুনা সেতু সাইট অফিস সূত্র জানায়, এই সময়ে টোল আদায় হয়েছে মোট ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা, যা চলতি ঈদ মৌসুমে সর্বোচ্চ আদায়ের মধ্যে একটি।
সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন সেতু অতিক্রম করেছে, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
তিনি বলেন, ঈদযাত্রায় যানবাহনের চাপ উল্লেখযোগ্য হলেও এখন পর্যন্ত বড় কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে রাতে কয়েকটি গাড়ি সেতুর ওপর বিকল হয়ে পড়ায় কিছু সময় যান চলাচল ধীরগতির ছিল।
যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে উভয় প্রান্তে দুটি করে বুথ শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য নির্ধারিত রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের আগে ও পরে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। সে কারণে সার্বক্ষণিক নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার রাখা হয়েছে।
