লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শেরপুরের সংঘাত অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির

প্রকাশিত: 29 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সময়মতো সুষ্ঠু ব্যবস্থাপনা ও দায়িত্বশীল আচরণ থাকলে এই সংঘাত এড়ানো সম্ভব ছিল।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি জানান, শেরপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব প্রার্থীর অংশগ্রহণে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিটি দলের জন্য নির্দিষ্ট আসন নির্ধারিত থাকলেও একটি দলের নেতাকর্মীরা সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত স্থানে বসতে বাধা দেন।

মাহদী আমিন বলেন, প্রশাসনের বারবার অনুরোধ উপেক্ষা করে চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়। চেয়ারে বসার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে সহিংসতা ও সংঘাত হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন, সংঘাত নয়।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রার্থীকে পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি বিএনপির নেতাকর্মীরাও একটি নির্দিষ্ট পথে না যাওয়ার অনুরোধ করেছিলেন। এরপরও তিনি কেন সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে এগোলেন, তা তদন্তের আওতায় আনা প্রয়োজন।

এই ঘটনায় একজন নিহত ও বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন উল্লেখ করে মাহদী আমিন বলেন, নিহত ব্যক্তি যে দলেরই হোন না কেন, প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়ে বলেন, উসকানি দেওয়া বা উসকানিতে পা দিলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।

মাহদী আমিন বলেন, শেরপুরের ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, সে জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে বিএনপি। একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দলের প্রধান অগ্রাধিকার।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman