দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর নৌবাহিনী সদরদপ্তর মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটাতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ চত্বরে প্রধানমন্ত্রী যখন শিশুদের সাথে কথা বলছিলেন তখন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নামাজ শেষে সাধারণ পোশাকে মসজিদ থেকে বের হলে একদল শিশু তাকে ঘিরে ধরে। কৌতূহলী এক শিশুর প্রশ্ন ছিল, তিনি রোজা রেখেছেন কি না। জবাবে প্রধানমন্ত্রী হাসিমুখে জানান, তিনি সবগুলো রোজাই রেখেছেন। এরপর শুরু হয় শিশুদের নিজেদের রোজা রাখার গল্প। এক শিশুর দাবি ছিল সে সবগুলো রোজা রেখেছে, তবে তার বন্ধুরা মজা করে জানায় আজ সকালে সে খেয়েছে। পরিস্থিতি হাস্যরসেই সামাল দেন প্রধানমন্ত্রী। শিশুটিকে কাছে টেনে নিয়ে স্নেহভরে কথা বলেন এবং তার প্রচেষ্টার প্রশংসা করেন।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো সময়টিতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। বরং শিশুদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ও মানবিক আচরণই ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের মাথায় হাত রেখে দোয়া করেন তিনি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেছেন, রাষ্ট্রনেতার এমন সরল ও মানবিক উপস্থিতি সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসংযোগে স্বাভাবিক আচরণ নেতার ব্যক্তিত্বের ভিন্ন দিক তুলে ধরে, যা জনমনে প্রভাব ফেলে।
