দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে জয় পাওয়ার পর একটি আসন রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনেই নির্বাচিত হলেও শেষ পর্যন্ত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে অন্য আসন বা আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়।
প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ধারা ১৯(১)(খ) অনুসারে একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হওয়া এবং নির্বাচিত হওয়া সম্ভব। তবে ধারা ১৯(২) বলছে, একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কোন আসন রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি এবং বৈধ ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
অন্যদিকে বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
