দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।
তারেক রহমান লেখেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার এক অনিঃশেষ দিশারি। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
বার্তায় খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ ও ‘বাংলাদেশের মা’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, তিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ছিল দৃঢ় ও অবিচল।
মায়ের ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে স্বামী ও সন্তান থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। বারবার গ্রেপ্তার, কারাবাস ও চিকিৎসা বঞ্চনার মধ্যেও তিনি কখনো সাহস ও দেশপ্রেম থেকে সরে যাননি।
তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি ছিলেন পরিবারের জন্য এক মমতাময়ী অভিভাবক এবং কঠিন সময়ে শক্তির প্রধান উৎস। দেশের মানুষের জন্য তার রেখে যাওয়া সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
বার্তার শেষাংশে তিনি দেশবাসীর কাছে তার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান এবং শোকের এই সময়ে পরিবারের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
