দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত এক ‘পলিসি টক’ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, রাজনীতিতে একে অপরকে দোষারোপ করার প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তরুণদের চিন্তা, মতামত ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পরিচালনার পরিকল্পনা নিতে চায় বিএনপি। তিনি জানান, বিদেশে পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।
পরিবেশ ও পানি ব্যবস্থাপনার প্রসঙ্গে তিনি বলেন, খাল খননের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নিরসন নয়, ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক দল যদি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নের আন্তরিক চেষ্টা না করে, তাহলে জনগণের আস্থা পাওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ওপর জোর দেন। সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা গেলে চাঁদাবাজিসহ নানা অপরাধ অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আধুনিক ও সময়োপযোগী করতে আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিক শ্রমবাজারে যেসব দক্ষতার চাহিদা থাকবে, সেগুলো কারিকুলামে যুক্ত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্য খাতে টেকসই সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু হাসপাতাল নির্মাণ নয়, হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বিএনপির লক্ষ্য। একই সঙ্গে স্কুলগুলোকে অডিও ভিজ্যুয়াল সংযোগে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
