লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাম সংকট নিয়ে সরব তাসনিম জারা

প্রকাশিত: 15 মে 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ তাসনিম জারা দেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে নীরব থাকার অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা” বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, দুটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন।

শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে তিনি হামের প্রাদুর্ভাব নিয়ে কোনো বক্তব্য দেননি কিংবা কোনো উদ্যোগ নেননি। একই সঙ্গে তাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি আখ্যা দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে রক্ষার জন্য নীরব থাকার অভিযোগও তোলা হচ্ছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তিনি আগেই প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। তাঁর ভাষায়, ২০২৪ সালেই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তাসনিম জারা দাবি করেন, গত এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন সভা, সেমিনার ও আলোচনায় তিনি হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলেছেন এবং সম্ভাব্য সমাধানও তুলে ধরেছেন। তিনি জানান, এ সংক্রান্ত ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাবের পেছনে দায় নির্ধারণে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবিও তিনি গত এপ্রিলেই তুলেছিলেন।

ফেসবুক পোস্টে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বাস্থ্য সংকট ব্যবহারের সমালোচনা করে বলেন, শিশুরা যখন আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটছে, তখন রাজনৈতিক বিভাজনের বদলে সমাধানে অংশ নেওয়াই সবার দায়িত্ব হওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, দেশে হামের বিস্তার এবং টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সাম্প্রতিক সময়ে জনস্বাস্থ্য খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman