দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার দেড় বছর পর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান–এর ছবি রেখে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। ভবনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
২০০২ সালে প্রথমে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কিনে নেওয়া হয়। পরে ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর পাশের চারতলা দুটি ভবন যুক্ত করে কার্যালয়টির সম্প্রসারণ করা হয়। ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হয়েছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে। সেই সিদ্ধান্তের আওতায় যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কয়েকজন নারী নেত্রী কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দেন। কিছুক্ষণ অবস্থানের পর তারা সেখান থেকে সরে যান।
ঘটনাটি জনমনে ভীতি ও অস্বস্তির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন প্রকাশ্যে এমন কর্মসূচি পালন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হওয়া উচিত।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
