লোড হচ্ছে...
লোড হচ্ছে...

“এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না।”: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

প্রকাশিত: 30 মার্চ 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনায় সরাসরি সামরিকভাবে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানে কোনো ব্রিটিশ সেনা মোতায়েন করা হবে না এবং এই সংঘাতে যুক্তরাজ্য সরাসরি অংশ নিচ্ছে না।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, “এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না।” তিনি জানান, যুক্তরাজ্যের প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখা।

তবে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে লন্ডন। স্টারমার বলেন, গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি পুনরায় নিরাপদ ও উন্মুক্ত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

একই সঙ্গে কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে, যা অঞ্চলটির প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও পশ্চিমা জোটের নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে যুক্তরাজ্য সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে একদিকে যুদ্ধ এড়িয়ে চলার রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে মিত্রদের পাশে থাকার কৌশলও বজায় রাখা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman