লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানের পানি স্থাপনায় হামলার যুদ্ধাপরাধী হুমকি ট্রাম্পের

প্রকাশিত: 30 মার্চ 2026

9 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র, তেল স্থাপনা এমনকি পানিশোধন (ডিস্যালিনেশন) প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। খবর আল জাজিরার।

ট্রাম্প দাবি করেন, ইরানে সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি “নতুন ও যুক্তিসঙ্গত” সরকারের সঙ্গে আলোচনা করছে এবং আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালি পুনরায় চালু না করা হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র ও খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সবচেয়ে উদ্বেগ তৈরি করেছে পানিশোধন প্ল্যান্ট লক্ষ্যবস্তু করার হুমকি। বিশ্লেষকদের মতে, এসব স্থাপনা ধ্বংস হলে লাখো মানুষের পানির সরবরাহ ঝুঁকির মুখে পড়বে।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইউসরা সুয়েইদি বলেন, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে বিবেচিত হতে পারে, যা যুদ্ধ আইনে নিষিদ্ধ।

মানবাধিকার সংগঠন ডন-এর অ্যাডভোকেসি পরিচালক রায়েদ জারার মন্তব্য, একটি দেশের বিদ্যুৎ ও পানির উৎস ধ্বংসের হুমকি কোনো কূটনৈতিক চাপ নয়, বরং সম্ভাব্য যুদ্ধাপরাধের ইঙ্গিত।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে আলোচনা চলছে, কিন্তু তেহরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, বেসামরিক অবকাঠামোকে কেন্দ্র করে পাল্টা হামলার ঝুঁকি বাড়লে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman