লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পিঁপড়া পাচার চেষ্টায় গ্রেপ্তার দুইজন

প্রকাশিত: 18 মার্চ 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কেনিয়া থেকে দুই হাজারের বেশি জীবন্ত ‘কুইন গার্ডেন অ্যান্ট’ পাচারের চেষ্টা করতে গিয়ে এক চীনা নাগরিক ও তার কেনিয়ান সহযোগীকে অভিযুক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনক লাগেজ তল্লাশির সময় বিপুল সংখ্যক পিঁপড়া উদ্ধার করা হয়।

অভিযুক্ত চীনা নাগরিক ঝ্যাং কেকুনকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা জানান, তার লাগেজে প্রতিটি পিঁপড়া আলাদা টেস্ট টিউবে রাখা ছিল বা টিস্যুতে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার নাইরোবির আদালতে শুনানিতে জানানো হয়, ঝ্যাং এসব পিঁপড়া কেনিয়ান নাগরিক চার্লস মওয়াঙ্গির কাছ থেকে প্রতি ১০০টি ১০ হাজার কেনিয়ান শিলিং (প্রায় ৭৭ ডলার) দামে কিনেছিলেন।

কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস জানিয়েছে, ইউরোপ ও এশিয়ায় পোষা প্রাণী হিসেবে বিরল পিঁপড়া সংগ্রহের প্রবণতা বাড়ায় এ ধরনের পাচারচেষ্টা বাড়ছে। যদিও উদ্ধার হওয়া পিঁপড়াগুলো একই উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে লাগেজটির গন্তব্য ছিল চীন।

দুই অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে বন্যপ্রাণী বাণিজ্য এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তারা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। মওয়াঙ্গির বিরুদ্ধে আলাদা ঘটনায় আরও জীবন্ত পিঁপড়া রাখার অভিযোগও রয়েছে।

অভিযুক্তদের আইনজীবী ডেভিড লুসওয়েতি বলেন, তারা আইন ভঙ্গ করছেন তা বুঝতে পারেননি এবং বিদেশে বিক্রির সম্ভাবনা দেখে ব্যবসা করার চেষ্টা করেছিলেন। আগামী ২৭ মার্চ তাদের আবার আদালতে হাজির করা হবে।

কেনিয়ার বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত বিস্তৃত হওয়ায় আরও গ্রেপ্তার হতে পারে। গত বছরও হাজারো কুইন অ্যান্ট পাচারের চেষ্টায় চারজনকে কারাদণ্ড বা জরিমানা করা হয়েছিল।

 

সূত্র: বিবিসি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman