দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
বিমানবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন আনুজ এবং পূর্বেশ দুরাগকর। তারা প্রশিক্ষণ মিশনে থাকা অবস্থায় প্রাণ হারান।
আইএএফ জানায়, রাশিয়ার তৈরি সুখোই Su-30MKI যুদ্ধবিমানটি আসামের জোড়হাট এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পর সন্ধ্যা প্রায় ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অনুসন্ধান অভিযান শুরু করে। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আসামের দুর্গম পার্বত্য এলাকা করবি আংলং কার্বি আংলং জেলায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় পাহাড়ি এলাকা থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে আগুনের গোলা দেখা যায়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বিমানটি আগুনে দগ্ধ হয়ে ভূপাতিত হয়।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইএএফ জানিয়েছে, নিহত পাইলটদের পরিবারের পাশে তারা দৃঢ়ভাবে থাকবে।
এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রঞ্জিত শিং এ দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, দুই আসনের বহুমুখী দীর্ঘপাল্লার এই যুদ্ধবিমানটি রাশিয়ার Sukhoi তৈরি করলেও বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড লাইসেন্সের অধীনে বিমানটি উৎপাদন করে।
সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু, রয়টার্স
