দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সাংবাদিক শেলি কিটলসন অপহৃত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করা কিটলসনকে দ্রুত মুক্ত করতে তারা ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সংঘাতপূর্ণ অঞ্চল, বিশেষ করে ইরাক ও সিরিয়ার গোত্রভিত্তিক বাস্তবতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি পরিচিত।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিলান জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরানঘনিষ্ঠ ইরাকি মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে এই অপহরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজনরা পালানোর সময় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করতে সক্ষম হয়। অপহরণে জড়িত অন্যদের শনাক্ত ও আটক এবং সাংবাদিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যার প্রভাব ইরাকেও পড়ছে। দেশটিতে ইরানপন্থী মিলিশিয়াদের শক্তিশালী উপস্থিতি থাকায় মার্কিন স্বার্থ ও নাগরিকরা বাড়তি ঝুঁকির মুখে পড়েছেন।
যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার এসব মিলিশিয়া অবস্থানে হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে বিভিন্ন গোষ্ঠী ইরাকে মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ইরাক আবারও বৃহত্তর আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
