লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের যুদ্ধসংশ্লিষ্ট বিমান স্পেনের আকাশসীমায় নিষিদ্ধ

প্রকাশিত: 30 মার্চ 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সংশ্লিষ্ট বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

স্প্যানিশ গণমাধ্যম এল পাইস প্রথম এ সিদ্ধান্তের খবর প্রকাশ করে। পরে প্রতিরক্ষামন্ত্রী জানান, শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে ইরান যুদ্ধসংক্রান্ত কোনো সামরিক অভিযানে স্পেনের আকাশসীমা কিংবা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।

রোব্লেস বলেন, “স্পেনের অবস্থান পরিষ্কার। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ গভীরভাবে অবৈধ এবং অন্যায্য।”

এর আগে স্পেন সরকার দক্ষিণাঞ্চলের রোটা ও মোরন সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি সামরিক বিমান অন্যত্র সরিয়ে নিতে হয় বলে জানা গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চলমান সংঘাতকে “অযৌক্তিক” ও “বিপজ্জনক” আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে যুদ্ধ ও বোমা হামলা কখনো বৈশ্বিক সংকটের সমাধান হতে পারে না। ইউরোপীয় ইউনিয়ন যেখানে শুধু উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে, সেখানে স্পেন তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে ন্যাটো সদস্য হয়েও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা থেকে নিজেকে দূরে রাখা ইউরোপীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করতে পারে।

 

সূত্র: আল জাজিরা, এপি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman