লোড হচ্ছে...
লোড হচ্ছে...

১৩তম জাতীয় নির্বাচন সামনে রেখে সংরক্ষিত প্রতীক তালিকা প্রকাশ

প্রকাশিত: 29 ডিসেম্বর 2025

55 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীকের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার গেজেট আকারে প্রকাশিত এই তালিকায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতীক ‘নৌকা’ নেই।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও ঠিকানার পাশাপাশি সংশ্লিষ্ট দলের জন্য সংরক্ষিত প্রতীক উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্য যেসব প্রতীক বরাদ্দযোগ্য, সেগুলোর তালিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের অবশ্যই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী এ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক।

নির্বাচন কমিশনের এই হালনাগাদ প্রতীক তালিকা প্রকাশ এমন এক সময়ে এলো, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র যাচাই শুরু হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য নির্ধারিত সংরক্ষিত প্রতীকের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উন্মুক্ত করা হয়েছে, যাতে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারে।

রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ তালিকায় না থাকা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলাদা কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman