দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
ইরানে তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ গত দুই সপ্তাহে ভয়াবহ রূপ নিয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। রোববার নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএইচআর জানায়, বিক্ষোভ শুরুর প্রথম দিকে নিহতের সংখ্যা ৫১ বলে নিশ্চিত করা হলেও সাম্প্রতিক যাচাইয়ে তা চার গুণের বেশি বেড়েছে। সংস্থাটির দাবি, কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ থাকায় তথ্য সংগ্রহে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী অভিযোগ করেছে, বিদেশি শক্তির মদদে কিছু গোষ্ঠী দেশে সহিংসতা ও দাঙ্গা ছড়াচ্ছে। এই অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার একদিনেই কয়েকশ বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির জাতীয় পুলিশ।
চাপের মুখে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা, ভর্তুকি সংস্কার এবং বিক্ষোভকারীদের দাবির বিষয়ে জাতির উদ্দেশে কথা বলবেন তিনি।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার দাবি করেছেন, চলমান বিক্ষোভ দমনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যাপক কঠোর অভিযান চালাচ্ছে। তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অসন্তোষ এবং আন্তর্জাতিক উত্তেজনা মিলিয়ে ইরান এখন এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
