লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বান্দরবানের লামায় পাহাড়ধসে একই এলাকায় ৫ জনের মৃত্যু

প্রকাশিত: 09 জুলাই 2026

0 Views

The Civilians News

file photo

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

টানা ভারী বৃষ্টির মধ্যে বান্দরবানের লামা উপজেলার খইয়ার বিল এলাকার মিশন পাড়ায় পাহাড়ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে পৃথক সময়ে ঘটে যাওয়া দুটি ঘটনায় বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনায় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস। লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে সকাল ৫টা ২৮ মিনিটে সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

এর কিছুক্ষণ পর একই এলাকার আরেকটি স্থানে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটে। সকাল ৫টা ৪৫ মিনিটে খবর পেয়ে সঙ্গে সঙ্গে লোহাগাড়া ফায়ার স্টেশনের আরেকটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন এবং বাকি দুজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

টানা বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে যাওয়ায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পাহাড়ধসপ্রবণ এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

উদ্ধার অভিযান শেষে নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে নতুন করে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন।

 

সূত্রঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman