লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

প্রকাশিত: 14 মার্চ 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিট যাত্রী ও বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও ছিলেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় তারা দীর্ঘ সময় কাতারে আটকে ছিলেন।

সরকারি উদ্যোগে কাতার কর্তৃপক্ষ ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে ১১ মার্চ কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফেরাতে তারা কাতার সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। বিশেষ ফ্লাইটে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়।

প্রবাসীদের তালিকা প্রস্তুতের জন্য দূতাবাস তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন ফর্ম প্রকাশ করে দ্রুত তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল। সেই তালিকার ভিত্তিতেই যাত্রী নির্বাচন করা হয় বলে জানা গেছে।

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রত্যাবাসন নিয়ে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman