লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

প্রকাশিত: 19 জুন 2026

18 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দল হয়ে ইতিহাস গড়েছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় জয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দলটি।

মেক্সিকোর জয়ের নায়ক মিডফিল্ডার লুইস রোমো। নিজের পরিচিত মাঠ এস্তাদিও আকরনে বিশ্বকাপ অভিষেক ম্যাচেই গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

প্রথমার্ধে দুই দলই আক্রমণে খুব বেশি কার্যকর হতে পারেনি। মেক্সিকোর হয়ে হুলিয়ান কিনিয়োনেসের একটি হেডই ছিল গোলমুখে উল্লেখযোগ্য প্রচেষ্টা, যা সহজেই সামাল দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউ।

বিরতির পর ম্যাচে আসে গতি। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন রোমো। একটি ক্রস ধরতে গিয়ে নিজের সতীর্থের সঙ্গে ধাক্কা খান গোলরক্ষক কিম সুং গিউ। বল হাতছাড়া হলে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ভলিতে জালে পাঠান রোমো।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিন একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। শেষ দিকে একাধিক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি এশিয়ার দলটি।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে। চো গুয়ে সুংয়ের হেড প্রথমে ঠেকান মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। ফিরতি বলে ইয়াং হিউন জুন শট নিলেও অসাধারণ দক্ষতায় সেটিও প্রতিহত করেন তিনি। রানহেলের এই ডাবল সেভই শেষ পর্যন্ত মেক্সিকোর জয় নিশ্চিত করে।

অন্যদিকে মেক্সিকোও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। হিমিনেজ ও বদলি খেলোয়াড় বেদ ভারগাসের দুটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে মেক্সিকো। শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হার এড়াতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠবে তারা।

হারলেও দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পাওয়ায় শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত ড্র করতে পারলে নকআউট পর্বে যাওয়ার পথ অনেকটাই সহজ হবে তাদের জন্য।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman