লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে দরকার গোড়ামিমুক্ত নিরাপদ পরিবেশ: সারওয়াত সিরাজ শুক্লা

প্রকাশিত: 12 অগাস্ট 2026

56 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে শুধু প্রতিযোগিতার আয়োজন করলেই হবে না, তাদের জন্য নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিবারের আস্থাও তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

তিনি বলেন, দেশের তৃণমূল ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান মেয়েদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনাই এখন অন্যতম লক্ষ্য। খেলাধুলাকে মেয়েদের জন্য শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবে না দেখে ভবিষ্যৎ পেশা ও সম্মানজনক জীবিকার পথ হিসেবেও প্রতিষ্ঠা করা প্রয়োজন।

বুধবার রংপুরে ক্রীড়াঙ্গন পরিদর্শনকালে এসব কথা বলেন সারওয়াত সিরাজ শুক্লা। সফরের শুরুতে তিনি রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় কমপ্লেক্সের বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন এবং নারী ক্রীড়ার উন্নয়ন ও বিকাশে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান লক্ষ্যগুলোর মধ্যেও মেয়েদের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ, সমান সুযোগ এবং দীর্ঘমেয়াদি ক্রীড়া ক্যারিয়ার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি দেশজুড়ে মেয়েদের খেলাধুলায় যুক্ত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভা বিকাশের ওপর জোর দিচ্ছে।

পরে সারওয়াত সিরাজ রংপুর জেলা সার্কিট হাউসে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান অবস্থা, সম্ভাবনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া অবকাঠামো, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, অবসরপ্রাপ্ত খেলোয়াড়, স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্নাসহ অ্যাডহক কমিটির সদস্যরাও এতে অংশ নেন।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা, সামাজিক রক্ষণশীলতা, নিরাপত্তার অভাব, বাল্যবিবাহ এবং ক্রীড়া সরঞ্জামের সংকটের মতো বাধা এখনো অনেক মেয়েকে মাঠ থেকে দূরে রাখছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, একটি মেয়ে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিলে পরিবারকে তার পাশে দাঁড়ানোর মতো সামাজিক ও অর্থনৈতিক নিশ্চয়তা তৈরি করতে হবে। ক্রীড়া থেকে আয়, সম্মান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, এই বিশ্বাস পরিবার ও সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা জরুরি।

তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ বিভিন্ন প্রতিযোগিতাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতাটির দ্বিতীয় আসরের নিবন্ধন জুলাইয়ে শুরু হয়েছে এবং ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্য রয়েছে।

মতবিনিময় সভায় সারওয়াত সিরাজ শুক্লা বলেন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। একজন মেয়ে যেন খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা ও ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, সেই সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। এ ক্ষেত্রে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নারী ক্রীড়ার নিরাপত্তা ও সমতার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত জুলাইয়ে বার্মিংহামে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী ও ক্রীড়া সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদরা নারী ও কন্যাশিশুর অংশগ্রহণ, নেতৃত্ব ও সমান সুযোগ নিয়ে আলোচনা করেন। সারওয়াত সিরাজ শুক্লাও সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

রংপুর সফরের শেষপর্বে বিকেলে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন সারওয়াত সিরাজ শুক্লা। তিনি কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্সকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন সফরকারী দলের সদস্যরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যাপ্ত প্রশিক্ষণ, নিরাপদ পরিবেশ ও ধারাবাহিক প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করা গেলে রংপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই উঠে আসতে পারে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের নারী ক্রীড়াবিদ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman